সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে এক বিদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লোহিত সাগরের উপকূলে অবস্থিত শোধনাগারটিতে হামলার পর আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কর্মী নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই শোধনাগারটির দৈনিক ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।
Leave a Reply