মিশরের আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া ও পোর্ট সাঈদে পৃথক অভিযানে অন্তত শতাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশই বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছিলেন বলে জানা গেছে।
এসব ঘটনায় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনিয়মিত পথে মিশরে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।
আটক ব্যক্তিদের মধ্যে ইসমায়েলিয়া অঞ্চলের আবু-সুইর থানায় সুলেমান নামের এক বাংলাদেশি দালালসহ মোট নয়জন রয়েছেন।
অভিযোগ রয়েছে, সুলেমান নানা মিথ্যা আশ্বাসে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে শ্রমিকদের মিশরে নিয়ে আসতেন। পরে বিভিন্ন কারখানায় চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০০ ডলার করে আদায় করতেন।এদিকে, গত সপ্তাহে বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার বুর্জ আল-আরব এলাকায় মাদকবিরোধী অভিযানসহ পৃথক পুলিশি অভিযানে অন্তত ৪২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে ১২ জন বাংলাদেশি আটক হন। আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।
Leave a Reply