কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন করে জীবন দিতে নিজের একটি কিডনি দান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির একটি হাসপাতালে শুরু হয়েছে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার।
মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী নিজের একটি কিডনি দানের সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন।
শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির সুখের সংসারে নেমে আসে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ছায়া। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।
Leave a Reply