যুক্তরাজ্যে বসবাসরত বিদেশি পরিচর্যাকর্মীদের স্থায়ীভাবে থাকার অনুমতি পেতে ১৫ বছর অপেক্ষার পরিকল্পনা থেকে সরে এসেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণকারী অভিবাসী পরিচর্যাকর্মীরা আগের নিয়মেই পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের প্রস্তাবিত অভিবাসন নীতিতে এ পরিবর্তন এসেছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে অধিকাংশ অভিবাসীর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দিয়েছিলেন শাবানা মাহমুদ। কিছু অভিবাসীর ক্ষেত্রে এ সময়সীমা ১৫ বছর করার পরিকল্পনাও ছিল। তবে লেবার পার্টির একাধিক আইনপ্রণেতার বিরোধিতা ও সমালোচনার পর পরিচর্যাকর্মীদের জন্য নীতিতে ছাড় দেওয়া হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিদেশি পরিচর্যাকর্মী বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করেন এবং ২০২৫ সালের মে মাসের আগে যুক্তরাজ্যে এসেছেন, তারা আগের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হলেই স্থায়ী বসবাসের অনুমতির জন্য যোগ্য হবেন। যারা ভিসার নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি, তারা আরও পাঁচ বছরের ভিসার আবেদন করতে পারবেন। এরপর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ থাকবে।সোমবার হাউস অব কমন্সে বক্তব্য দিতে গিয়ে মাহমুদ বলেন, স্থায়ী বসবাসের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে পাওয়া উচিত নয়; বরং এর জন্য যোগ্যতা অর্জন করতে হবে। তবে করোনা মহামারির পর দেশের প্রয়োজনের সময় যেসব পরিচর্যাকর্মী যুক্তরাজ্যে এসেছিলেন, তাদের অবদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বছরে ৫০ হাজার পাউন্ডের কম আয় করেন— এমন অধিকাংশ অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি পেতে ১০ বছর অপেক্ষা করতে হবে। তবে কিছু পেশা ও শ্রেণির জন্য ছাড় রাখা হয়েছে।
বছরে ৫০ হাজার পাউন্ডের বেশি আয় করা উচ্চ বেতনভোগী এবং চিকিৎসক ও শিক্ষকের মতো স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রাখা ব্যক্তিরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের যোগ্য হবেন। আর বছরে ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি আয় করা সর্বোচ্চ করদাতারা তিন বছর পর আবেদন করতে পারবেন।
এ ছাড়া ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কিংবা অন্য অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করা শরণার্থীদের ক্ষেত্রে কঠোর সময়সীমা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। কাজ বা পড়াশোনা করলে তাদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে ২০ বছর এবং এসবের কোনোটিই না করলে ৩০ বছর অপেক্ষা করতে হতে পারে।
সূত্র: বিবিসি
Leave a Reply