মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার ঘটনায় জসিম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে বিয়ের চাপ ও বয়সের ব্যবধান নিয়ে সৃষ্ট বিরোধের কারণে চম্পাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
বৃহস্পতিবার দুপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার জয়ীতা শিল্পী। তিনি বলেন, চম্পার সঙ্গে জসিমের প্রেমের সম্পর্ক ছিল। চম্পা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তবে বয়সের ব্যবধান এবং চম্পার দুই সন্তান থাকায় তাকে বিয়ে করতে রাজি ছিলেন না জসিম। একপর্যায়ে বিয়ের চাপের মুখে চম্পার ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জসিম।পিবিআই সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামে গত সোমবার (২৩ নভেম্বর) রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরেননি চম্পা বেগম। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন শাশুড়ি হাসনা বেগম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় চম্পার গলায় ফাঁসের দাগ এবং পাশে তার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়।চম্পা বেগম সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কাজ করতেন। তার স্বামী স্বপন মিয়া আনসার সদস্য হলেও প্রায় দুই বছর ধরে অন্যত্র বসবাস করছিলেন। এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন চম্পা।
Leave a Reply