তানজিম ইসলামঃ স্মার্টফোন ও অডিও ডিভাইসের পর এবার স্মার্টওয়াচ বাজারে নিজেদের উপস্থিতি জানান দিতে পারে নাথিং। নতুন এক লিক অনুযায়ী, প্রতিষ্ঠানটি সিএমএফ ব্র্যান্ডের বাইরে নিজেদের মূল ব্র্যান্ডের নামে প্রথম স্মার্টওয়াচ তৈরির কাজ করছে। এর আগে নাথিংয়ের ওয়্যারেবল পণ্যগুলো মূলত সিএমএফ সিরিজের অধীনেই বাজারে এসেছে।
যদিও নাথিং এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে প্রযুক্তি মহলে ছড়িয়ে পড়া তথ্য বলছে, চলতি বছরের শেষের দিকে নতুন এই স্মার্টওয়াচ বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থাটি।
নাথিং-এর পণ্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো আলাদা ধরনের ডিজাইন। নতুন স্মার্টওয়াচেও সেই পরিচিত ডিজাইন ভাষা বজায় রাখা হবে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ স্বচ্ছ ডিজাইন, মিনিমাল লুক এবং আধুনিক নকশার প্রতি নাথিং-এর যে আলাদা পরিচিতি রয়েছে, নতুন ওয়্যারেবলটিতেও তার প্রভাব থাকতে পারে।
নাথিং এখনো পর্যন্ত নিজেদের ব্র্যান্ড নামে কোনো স্মার্টওয়াচ বাজারে আনেনি। স্মার্টওয়াচের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বাজেট ও মিড-রেঞ্জ পণ্যগুলো এসেছে সিএমএফ ব্র্যান্ডের মাধ্যমে। সিএমএফ-এর ওয়্যারেবল তালিকায় রয়েছে সিএমএফ ওয়াচ প্রো, সিএমএফ ওয়াচ প্রো ২ এবং সিএমএফ ওয়াচ ৩ প্রো। এর মধ্যে সিএমএফ ওয়াচ ৩ প্রো ২০২৬ সালের মে মাসে ভারতে বাজারে আসে। এর দাম রাখা হয়েছে ৭ হাজার ৯৯৯ রুপি।
সিএমএফ ওয়াচ ৩ প্রো-তে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬০ হার্জ রিফ্রেশ রেট, অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা এবং ১২০টির বেশি কাস্টমাইজযোগ্য ওয়াচ ফেস। এতে ব্লুটুথ কলিং, চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন, ভয়েস রেকর্ডিং ও ট্রান্সক্রিপশন সুবিধা, জেসচার কন্ট্রোল এবং নাথিং এক্স অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে সংযোগের সুবিধা রয়েছে।
ফিটনেস ও স্বাস্থ্য সংক্রান্ত ফিচারের দিক থেকেও সিএমএফ ওয়াচ ৩ প্রো বেশ উন্নত। এতে রয়েছে ১৩১টি স্পোর্টস মোড, ডুয়াল-ব্যান্ড জিপিএস, হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন পরিমাপ, ঘুমের বিশ্লেষণ, স্ট্রেস ট্র্যাকিং এবং নারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টুল। এছাড়াও রয়েছে হাইড্রেশন রিমাইন্ডার, দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকার সতর্কতা এবং এআই-ভিত্তিক রানিং ইনসাইট।
সিএমএফ ওয়াচ ৩ প্রো-তে দেওয়া হয়েছে ৩৫০এমএএইচ ব্যাটারি। নাথিং-এর দাবি অনুযায়ী, সাধারণ ব্যবহারে এটি ১৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। স্মার্টওয়াচটিতে রয়েছে IP68 রেটিং, যা ধুলো ও পানির বিরুদ্ধে সুরক্ষা দেয়। মেটাল বডি, রিমুভেবল লিকুইড সিলিকন স্ট্র্যাপ এবং প্রিমিয়াম ডিজাইন এটিকে আরও আকর্ষণীয় করেছে।
টিপস্টার যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছেন, নাথিং তাদের প্রথম নিজস্ব ব্র্যান্ডের স্মার্টওয়াচ তৈরি করছে। তার দাবি অনুযায়ী, নতুন ডিভাইসটি সেপ্টেম্বরে উন্মোচন করা হতে পারে।
লিক অনুযায়ী, স্মার্টওয়াচটির দাম ৩০০ ডলারের নিচে রাখা হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার ৭০০ রুপির কাছাকাছি। তবে এটি বিশ্বের সব বাজারে একসঙ্গে পাওয়া যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, শুরুতে নির্দিষ্ট কিছু দেশে সীমিত পরিসরে বিক্রি করা হতে পারে।
Leave a Reply