ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি পেসারের প্রথম পাঁচ উইকেট শিকারের কীর্তিও গড়েছেন তিনি।অস্ট্রেলিয়া সফরের আগে হাসান জানিয়েছিলেন, এই সফরে অন্তত দুবার পাঁচ উইকেট নিতে চান। এমনকি একা একা সেই মুহূর্তের কল্পনাও করতেন তিনি। ডারউইনে প্রথম ইনিংসেই সেই কল্পনা বাস্তবে রূপ নিল।শুধু পেসার হিসেবেই নয়, তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি বোলারের এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনাও এবারই প্রথম। এত দিন টেস্টে মাশরাফি বিন মুর্তজার ৩, ওয়ানডেতে রুবেল হোসেন এবং টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদের ৪ উইকেট ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশিদের সেরা বোলিং। এবার সবাইকে ছাড়িয়ে গেলেন হাসান।
Leave a Reply