ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে ৮ম শ্রেণির এক ছাত্রীকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের বাসিন্দা ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে (১৫) বৃহস্পতিবার রাতে প্রতিবেশী কতিপয় বখাটে যুবক মেয়েটির মা বাড়িতে না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এরপর পাশের একটি নির্জন জায়গায় নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
ভুক্তভোগী স্কুলছাত্রীর খালা বলেন, বৃহস্পতিবার রাতে বাড়িতে আমার দুই ভাগ্নি ছিল। ওর মা ও অন্যরা বাড়িতে ছিল না। দুই ভাগ্নি বাড়ির দুই রুমে ছিল। রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর দরজা খুলে দিলে আরও কয়েক যুবক ঘরে প্রবেশ করে। এরপর জোরপূর্বক আমার ভাগ্নিকে তারা তুলে নিয়ে যায়। পরে তারা আমার ভাগ্নির ওপর নির্যাতন করে। যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভাগ্নিকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কয়েকজনকে আমার ভাগ্নি চিনেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
সদরপুর থানার পরিদর্শক (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, অভিযোগ পেয়েছি, এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply