মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের এক শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে তার দাদির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা সোনালী আক্তার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী মুক্তা বেগমকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে। আহত শিশুটির নাম নাফিন খান। সে মুক্তা বেগমের ছেলে নিরব খানের সন্তান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কাননীসার গ্রামে পারিবারিক বিরোধের একপর্যায়ে মুক্তা বেগম তার দুই বছর বয়সী নাতি নাফিন খানকে দুই হাত দিয়ে তুলে মাটিতে ছুড়ে ফেলেন। এতে শিশুটির কোমরে আঘাত লাগে। পরে তার মা ও স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
শিশুটির মা সোনালী আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি মুক্তা বেগম তাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। ঘটনার দিন তার ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর কান্নার শব্দ শুনে তিনি ছেলেকে উদ্ধার করেন। এ ঘটনায় তার শ্বশুর ও স্বামী প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, শিশুকে এভাবে ছুড়ে ফেলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন
Leave a Reply