অবৈধভাবে তৈরি ও মেয়াদোত্তীর্ণ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত এনসিপি নেতার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের ওই কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযান পরিচালনা করেন ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
দণ্ডপ্রাপ্ত এনসিপি নেতা মো. বায়েজিদ হোসেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তবে বর্তমানে তারা ফরিদপুর শহরের গোয়াচামট মহল্লায় বসবাস করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে কারখানাটি পরিচালনা করে আসছিলেন। অভিযানকালে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। তার কারখানা থেকে বিপুল অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সাইফ হাসান খাঁন বলেন, কোনো রকম অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। আমাদের দলীয় কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply