নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোহাম্মদ রাজু ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা কমিশনার রইস উদ্দিন মিলন (এএলটি), উপজেলা কমিশনার মো. ফরিদুল ইসলাম, তুষারী সুলতানা পপি, বিলকিস চৌধুরী, গ্রুপ সম্পাদক নুরুল ইসলাম তানিম, সাংবাদিক সাদের হোসেন বুলু ও শুভাশিস গোস্বামীসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রুপের সহ-সম্পাদক মো. সুমন।
আলোচনা সভায় অতিথিরা বলেন, স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি। শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটদের সমাজের কল্যাণে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, আগামী প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা সম্ভব। পাশাপাশি দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য স্কাউটদের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের একপর্যায়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সংগঠনের সদস্য, স্কাউটসের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছরের পথচলায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে সেবার মানসিকতা, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply