বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশে এক ধাক্কায় স্বর্ণের দাম কমেছে ভরিতে প্রায় ১১ হাজার টাকা। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে, সামনে স্বর্ণের দাম কি আরও কমবে?
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে উদ্বেগ, বাধ্য হয়ে সম্পদ বিক্রি (ফোর্সড লিকুইডেশন) এবং দরপতনের প্রত্যাশায় নেওয়া বিনিয়োগ কৌশলের কারণে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে তীব্র চাপ তৈরি হয়েছে। এর ফলে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
বিনিয়োগকারীরা মনে করছেন, সামনে স্বর্ণের দাম আরও কমতে পারে। একই মত বাজার বিশ্লেষকদেরও। তাদের বিশ্বাস, স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার আগে আরও কমে যেতে পারে।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। পুরো সপ্তাহজুড়ে এর দরপতন হয়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ গত জানুয়ারিতেই স্বর্ণের দাম উঠেছিল রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে।
মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা বিশ্ববাজারে স্বর্ণের প্রতি আকর্ষণ কমিয়ে দিয়েছে।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির এক জটিল সংকটের মুখোমুখি।
ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি (সুদের হার বাড়ানোর প্রবণতা) ডলারকে শক্তিশালী করেছে এবং ট্রেজারি বন্ডের ইল্ড (মুনাফার হার) বাড়িয়ে দিয়েছে। এটি স্বর্ণের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না, ফলে অন্য সম্পদের ওপর মুনাফা বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারে দরপতন ঘটছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন, যা স্বর্ণের দরপতনকে আরও ত্বরান্বিত করছে।
Leave a Reply