কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশে ২০৯ বাংলাদেশি নাগরিকের ২৪৩টি অস্থায়ী ভিসার আবেদনকে কেন্দ্র করে কথিত অভিবাসন জালিয়াতির ঘটনায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ)।
গত ২২ অক্টোবর ২০২৬ সংস্থাটি এ অভিযোগের কথা জানায়। সিবিএসএর অভিযোগ, কানাডার নাগরিকদের ভুলভাবে আবেদনকারীদের আতিথ্যদাতা হিসেবে পরিচয় দিয়ে মিথ্যা তথ্য ও জাল নথি ব্যবহার করে অস্থায়ী আবাসিক ভিসা (টিআরভি) পাওয়ার চেষ্টা করেছিল ওই চক্র।
সংস্থাটির তথ্য অনুযায়ী,
অভিযুক্ত চারজন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম গত ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন।
পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
জালিয়াতির অভিযোগের ব্যাপকতা ও জটিলতার কারণে তদন্তকারীরা ২৪৩টি ভিসা আবেদনের মধ্যে ৭৯টিকে আনুষ্ঠানিকভাবে প্রমাণ উপস্থাপনের জন্য বেছে নেন। সিবিএসএর ভাষ্য, এসব আবেদনে অভিযোগের পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ রয়েছে।
Leave a Reply