প্রায় ৩০ বছর ধরে চালু থাকা অ্যাপলের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগামী ২০ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের এই প্ল্যাটফর্ম। এরই মধ্যে সাইটটিকে রিড-অনলি বা শুধু পড়ার উপযোগী করে রাখা হয়েছে।ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।দীর্ঘদিন ধরে আইফোন, আইপ্যাড, ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যার ব্যবহারের সময় তৈরি হওয়া সমস্যার সমাধান খুঁজতে প্ল্যাটফর্মটি ব্যবহার করতেন গ্রাহকেরা। পাশাপাশি এখানে ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা, পরামর্শ ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন তথ্য একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেতেন।
ইতোমধ্যে অ্যাপল সাপোর্ট কমিউনিটিতে নতুন কোনো প্রশ্ন পোস্ট করা কিংবা আগের আলোচনায় উত্তর দেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ২০ নভেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা পুরোনো পোস্ট ও আলোচনাগুলো পড়তে পারবেন। পাশাপাশি আগের সমস্যার সমাধান খোঁজা, পোস্টে ভোট দেওয়া এবং ‘মি টু’ (আমারও একই সমস্যা) অপশন ব্যবহারের মতো সীমিত কিছু সুবিধা চালু থাকবে।
নির্ধারিত সময়ের পর প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে অ্যাপল ব্যবহারকারীদের জন্য পুরোনো আলোচনাগুলো দেখার সুযোগও আর থাকবে না।
Leave a Reply