মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন। বুধবার রাতে নিজবাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ-এর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন তিনি। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ঢুকে জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে পুলিশ।
Leave a Reply