‘১০ বিয়ে করলেও হৃদয়কেই চাই, নইলে বিষপান করে আত্মহত্যা করব’—এমন হুমকি দিয়ে জামালপুরের মেলান্দহে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় হৃদয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি।তরুণীর দাবি, বিয়ের দাবিতে বিষ হাতে ওই বাড়িতে গেলে হৃদয়ের মা তার কাছ থেকে তা কেড়ে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ও ওই তরুণীর বাড়ি পাশাপাশি। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘোরাফেরাও করতেন।তাদের সম্পর্কের কথা পরিবারের সদস্যসহ এলাকার অনেকেই জানতেন বলে দাবি করেছেন ওই তরুণী।
তরুণীর অভিযোগ, সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ খবর জানার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি। এ ঘটনার পর থেকে হৃদয় ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ওই তরুণী বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। বিয়ের দাবিতে বিষ হাতে তার বাড়িতে এসেছিলাম। পরে তার মা আমার কাছ থেকে বিষ কেড়ে নেন। এলাকার সবাই আমাদের সম্পর্কের কথা জানেন। আমার মানসম্মান সব শেষ হয়ে গেছে।এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই বিষ খেয়ে মারা যাব। সে ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতেই হবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, তরুণী ও হৃদয়ের বাড়ি পাশাপাশি। তারা একই বংশেরও। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন বলে মনে করেন তারা।
এ বিষয়ে হৃদয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply