মানিকগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মৌসুমী খানম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খানকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. অহিদুল মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক মৌসুমী খানম পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবার মান নিশ্চিত করা, সেবা সহজীকরণ এবং সেবার গুণগত মান আরও উন্নত করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গুরুত্বারোপ করেন।
নবনিযুক্ত প্রশাসক মৌসুমী খানমের নেতৃত্বে মানিকগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আরও গতি আসবে এবং পৌরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply