মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বিপন্ন প্রজাতির এই মাছটি পরে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।
মাছ ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে শিবালয়ের মালুচি এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। শুক্রবার সকাল ৯টার দিকে মাছ ব্যবসায়ী তাপস হালদার সেটি ঝিটকা বাজারে নিয়ে আসেন। পরে চারজন ব্যবসায়ী মিলে মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী তাপস হালদার বলেন, শিবালয়ের মালুচি এলাকার পাশের পদ্মা নদী থেকে মাছটি কিনে ঝিটকা বাজারে নিয়ে আসেন তিনি। পরে বাজারের ব্যবসায়ী মোন্নাফসহ কয়েকজনের কাছে ভাগে মাছটি বিক্রি করেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম বলেন, শুক্রবার বাঘাইড় মাছ ধরা পড়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি জানান, বন অধিদপ্তর বাঘাইড় মাছকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
হরিরামপুর ও শিবালয় উপজেলার দায়িত্বপ্রাপ্ত জেলা বন অধিদপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাঘাইড় মাছ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ইউনিটের অধীনে। মাছটি ধরা থেকে বিরত রাখতে জেলেদের নিষেধ করার পাশাপাশি বন্যপ্রাণী ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করেন তারা।
Leave a Reply