দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় উপজেলার নারিশা খালপাড় গ্রামের জালাল মৃধার ছেলে। শুক্রবার (১০জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত হৃদয়ের গ্রামের বাড়ি ও তার শিক্ষা প্রাঙ্গনে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় একটি বালুর ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয় পদ্মা কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের শিক্ষার্থী হৃদয় ও তার বন্ধু শিহাব। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চারদিন সেখানে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন হৃদয়।
হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সরকারী পদ্মা কলেজ পরিবার।
Leave a Reply