নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের মাহমুদপুরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির ঘটনায় জড়িত সন্দেহে নিরব নামে এক যুবককে শনাক্ত করে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকালে তাকে বাড়ি থেকে ধরে এনে মাহমুদপুর ক্লাবের সামনে আটকে রাখা হয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদপুর এলাকায় একের পর এক চুরির ঘটনা ও মাদকসেবীদের উৎপাতের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে স্থানীয় জেলে হযরতের ছেলে নিরব একই এলাকার মতি মৃধার বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পুরো দৃশ্য বাড়ির সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত নিরবকে শনাক্ত করেন স্থানীয়রা। শনিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে ধরে এনে মাহমুদপুর ক্লাবের সামনে আটকে রাখা হয়। খবর পেয়ে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে নিয়ে যান।
Leave a Reply