যদি তুমি আকাশ হয়ে ধরা দাও
তবে কথা দিলাম-
অমানিশার আর্দ্র অন্ধকারে ডুবন্ত
তোমার মরিচাধরা হৃদয়টাকে,
পূর্ণিমা চাঁদের ঝলসানো আলোর বুদবুদ হয়ে
আমি ভিজিয়ে রাখবো অনন্তকাল।
তোমার বলাকা হৃদয়ে নীলাভ শুভ্রতা এনে দেবো।
যদি তুমি অরণ্য হয়ে হাতছানি দাও
তবে কথা দিলাম-
ক্রমাগত ধূলিঝড়ে ধূসরিত
তোমার সাইমুম হৃদয়টাকে,
শ্রাবণের রিমঝিম বৃষ্টির মুখরিত প্লাবন হয়ে
আমি ধুয়ে দেবো পাংশুটে আবরণ।
তোমার হৃদয় মল্লিকা বনে সবুজের সতেজতা এনে দেবো।
যদি বসন্ত হয়ে আমায় ছুঁয়ে যাও
তবে কথা দিলাম-
তোমার অনাবাদি তপ্ত হৃদয়ে আমার
অনাদিকালের সঞ্চিত শিশির সিন্ধু ঢেলে
বালুকাময় মরূদ্যানে কৃষ্ণচূড়া ফুটাবো।
তোমার বিবর্ণ হৃদয়ে আগুন ঝরা ফাগুন এনে দেবো।
নিনা ইসহাক
তাং- ৩/৭/২০২০ ইং
Leave a Reply