আজ দুর্গাপূজার মহা অষ্টমী। এদিন সকাল সাড়ে ৯টায় রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা অনুষ্ঠিত হবে। আর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে (সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে) সন্ধিপূজা হবে। পরে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।সরেজমিন দেখা যায়, বিকেল থেকে বিভিন্ন যানবাহনে করে কৃষিবিদ ইনস্টিটিউশনের পূজামণ্ডপে আসছেন দর্শনার্থীরা। কেউ রিকশায়, কেউ সিএনজিচালিত অটোরিকশায়, আবার কেউ ব্যক্তিগত গাড়ি কিংবা মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। অনেকে ফার্মগেট মেট্রোস্টেশনে নেমে হেঁটে মণ্ডপে প্রবেশ করছেন।
মণ্ডপে ঢুকেই অনেককে মা দুর্গাপ্রতিমার সামনে প্রণাম করতে দেখা যায়। কেউ প্রণাম শেষে প্রণামি দিচ্ছেন, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করছেন। প্রতিমা দর্শন ও প্রার্থনা শেষে অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি ও সেলফি তুলছিলেন। মণ্ডপের সাউন্ড সিস্টেমে বাজছিল পূজার গান। সেই গানের তালে মণ্ডপে আসা শিশুদের কেউ কেউ নাচছিল।
সন্ধ্যার পর ঢাকের বাদ্য শুরু হলে উৎসবের আমেজ আরও জমে ওঠে। ঢাকের তালে অনেক দর্শনার্থীকেও নাচতে দেখা যায়। কেউ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন, কেউ আবার দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন। সব মিলিয়ে প্রার্থনা, প্রতিমা দর্শন আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।
Leave a Reply