বিশেষ প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার পূর্ব ইউসুফপুরের বাসিন্দা প্রবাসফেরত লিপি আক্তার (৪৩) দীর্ঘ ২২ বছর বিদেশে কাজ করে দেশে ফিরেছেন। প্রবাসজীবনে উপার্জিত ৪০ লাখ টাকারও বেশি অর্থ তিনি তার মায়ের কাছে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠান। দেশে ফিরে লিপির অভিযোগ, তার মা ও দুই বোন ওই টাকা ফেরত দিতে টালবাহানা করছেন এবং আত্মসাতের চেষ্টা করছেন। সামাজিক বিচার ডাকলেও তার মা বর্তমানে পলাতক বলে দাবি লিপির।
লিপি জানান, তার আয়ের টাকায় ছোট বোনের বিয়ে সম্পন্ন হলেও নিজের ভাগ্যে কিছুই জোটেনি। ঘটনাটি জানাজানি হলে পিস ওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ শাখা তার পাশে দাঁড়ায় এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়।
এরপর ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাবেক দোহার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রহিম শীলা লিপি আক্তারের খোঁজখবর নেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তিনি লিপিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি দোহার-নবাবগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিস ওয়ে হিউম্যান রাইটস সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, জয়পাড়া পরিবহনের সাধারণ সম্পাদক খোকন মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Leave a Reply