মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুরকে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে ওই ইউনিয়নের আটিপাড়া গ্রামে এই মানববন্ধনে কয়েকশত নারী-পুরুষ অংশ নেন। মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে গত ১০ই জুন ভোরে দেওয়ানবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় নাছির উদ্দিন, শাহজাদা, ফারুক, শহিদ, কহিনুর, জাহাঙ্গীরসহ ১৫-১৬ জন ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। এ ঘটনায় ইউপি সদস্যের বড় ভাই আবুল কালাম ১৬ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ওই মামলায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে আছে। মামলার মূল আসামিরা মাদকসহ একাধিক মামলার আসামি। তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা।
Leave a Reply