পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ঢুকে শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও একজনকে গুলি করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে ডাকাতদল।শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, তাঁর স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫-৬ জনের একটি ডাকাতদল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে আরো কয়েকজন অবস্থান করছিল বলে দাবি করেন তিনি।রুমা বেগম বলেন, ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়।তার ছেলে নাইম এতে বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপর গুলি করে। পরে নাইমের শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা ও একটি আইফোন নিয়ে যায়।ঘটনার পর স্থানীয়রা পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে গুলিবিদ্ধ নাইমসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
Leave a Reply