ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক।
গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার রাজিব হোসেন রাজু (৩০) ও আব্দুল্লাহপুর পশ্চিমপাড়া এলাকার আবু সাঈদ (৩৪)। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন, নগদ দুই হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড-সংলগ্ন সড়কে ছিনতাইয়ের শিকার হন মো. সুজন মিয়া (৩২)।তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকার আশুলিয়ার নবীনগর গাজীরচট এলাকায় বসবাস করেন।
Leave a Reply