মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওমর আলী (৬৬) টানা ২০ বছর আত্মগোপনে থাকার পর র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. মো. আরিফ হোসেন রোববার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ওমর আলী সিংগাইরের গাজিন্দা গ্রামের সোলেমানের ছেলে।
র্যাবের সংশ্লিষ্ট সূত্রমতে, ২০০১ সালের ২৪ এপ্রিল জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুদিন পর ২৬ এপ্রিল উপজেলায় গাজিন্দা গ্রামের সামশুল হকের ছেলে রুবেলকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যার পর হত্যাকারীরা লাশ বস্তায় ভরে পাশের একটি খালে ফেলে। ওই সময় নিহতের বাবা সামছুল হক বাদী হয়ে থানায় মামলা করলে গ্রেফতার হন ওমর আলী।
পরে ১ বছর ৪ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে যান তিনি। এদিকে সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে ২০২২ সালের ১৪ আগস্ট আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. মো. আরিফ হোসেন জানান, পরিচিত লোকজন থেকে নিজেকে আড়াল করতে জামিন নেওয়ার পর থেকে পরিচিত লোকজন থেকে নিজেকে আড়াল করতে গত ২০ বছর ধরে আসামি ওমর আলী ঢাকা জেলার আশুলিয়া ও সাভার থানা এলাকার বিভিন্ন স্থানে স্ত্রীকে নিয়ে আত্মগোপনে বসবাস করতেন।
তিনি আরও জানান, ওমর আলী রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ঢাকা জেলার সাভারের বলিয়ারপুরে অভিযান চালিয়ে ওমর আলীকে গ্রেফতার করা হয়। তাকে রাতেই সিংগাইর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply