প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম ঝুমুর খানম সেতু (২৭)।সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (ঝুমুর) মৃত্যু হয়েছে।
এর আগে রবিবার দিবাগত রাত ১১টার দিকে গৃহবধূ ঝুমুর খানম সেতু বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ঝুমুর খানম সেতু আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে ও গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার কাজী শাহাবুদ্দিনের স্ত্রী।ঝুমুরের সঙ্গে ৬ বছর পূর্বে সামাজিকভাবে শাহারিয়ার কাজী ওরফে শাহাবুদ্দিনের বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন প্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে মানসিক নির্যাতন সইতে না পেরে বিষপান করা এক সন্তানের জননী ঝুমুর খানম সেতু।আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, গৃহবধূ কেন আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার পরিবার অভিযোগ দেবে জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply