মাদারীপুরের কালকিনিতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবুল শিকদার নামের এক ব্যক্তির বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তাকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
সোমবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে কালকিনি উপজেলার মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই উপজেলায় ৫ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে হাবুল শিকদার (৫৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার পালিয়ে যান। পরে বিষয়টি নিয়ে আপস মিমাংসা করার জন্য এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন লোকজনের মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আজ (সোমবার) সন্ধ্যায় ৫ শতাধিক লোক ভুক্তভোগী পরিবারকে সাথে নিয়ে অভিযুক্ত হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। একপর্যায় মিছিল নিয়ে অভিযুক্তের বসতবাড়িতে গিয়ে ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি বিচার চেয়েও বিচার পাইনি। তাই ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।’
এ বিষয় কথা বলতে গেলে অভিযুক্ত ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply