
টাঙ্গাইলের মির্জাপুরে নয়নী রাজবংশী নামে এক নারী নির্মাণ শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর খুনি ওই নারীকে ধর্ষণ করেন বলে পুলিশ জানিয়েছেন।এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশ রবিউল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার সাত দিনের রিমান্ড আবেদন করে রবিউলকে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রবিউল।পুলিশ সূত্র জানায়, জানু নামের রাজমিস্ত্রির এক সর্দারের সঙ্গে নয়নী রাজবংশীর পরকীয়া চলছিল। এক দিন নয়নী এবং জানুর দৈহিক মিলনের বিষয়টি রবিউল দেখে ফেলেন। রবিউল ও নয়নী রাজবংশী এক সঙ্গে ঢালাই কাজে হেলপার হিসেবে কাজ করতেন। এর মধ্যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে উঠে।রবিউল মাঝে মধ্যে নয়নী রাজবংশীর বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি রবিউলের স্ত্রী মিম ভালোভাবে না নিয়ে সন্দেহ করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা লেগেই থাকত।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ও মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম জানান, রবিউল নয়নীকে হত্যার পর ধর্ষণের কথা মির্জাপুর আমলী আদালতের বিচারক সাগর তালুকদারের কাছে ১৬৪ ধারায় স্বীকার করেছেন।
Leave a Reply