মানিকগঞ্জের সিংগাইরে ডিম বিক্রির পাওনা ২০ টাকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় তোলপাড় শুরু হয়। এর আগে গত রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের পারিল আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন ওই এলাকার কদম আলীর ছেলে ডিম বিক্রেতা আবু হানিফ (৪৫) এবং অন্যপক্ষের রেহাজউদ্দিনের ছেলে ডিমের ক্রেতা আল আমিন (২৫)।
স্থানীয় সূত্রের ভাষ্য মতে, উপজেলার পারিল আবাসনে বসবাসরত হানিফ একই স্থানে থাকা আল আমিনের কাছে ২০ টাকা বাকিতে ডিম বিক্রি করেন। সেই ডিমের টাকা গত শনিবার চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মারামারিতে বিক্রেতা হানিফ গুরুতর আহত হন। এরই সূত্র ধরে আবু হানিফের ছোট ভাই আবদুল মালেকরা গত রবিবার সকালে আল আমিনকে ডেকে নিয়ে বেদম পেটায়। আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেছেন ওখানকার চিকিৎসক।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, বিষয়টি জানি না। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
Leave a Reply