ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দোহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— ঢাকার দোহার থানার উত্তর জয়পাড়া এলাকার মৃত মোফাজ্জেলের ছেলে ইমন (২৫), মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আদ্দিপাড়া কানাইনগরের মৃত পরান শেখের ছেলে মোঃ এমারত (৪২), দোহারের জামালচর এলাকার রায়হান শেখের ছেলে মোঃ জুয়েল শেখ (৩৫) এবং একই থানার খালপাড় এলাকার আঃ বারেকের ছেলে জালাল হোসাইন মানিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এসআই তন্ময় কুমার চক্রবর্তী, এএসআই মারুফ হাসান ও সঙ্গীয় ফোর্স দোহার থানাধীন রাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে প্রথম তিন জনের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চতুর্থ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি।
উদ্ধারকৃত আলামত জব্দসহ আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
Leave a Reply