
তানজিম ইসলামঃ দেশে তৈরি হোন্ডা মোটরসাইকেল উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে রপ্তানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) এবং জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে মেক্সিকোতে মোটরসাইকেল রপ্তানি শুরুর মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বৈশ্বিক যাত্রায় আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হবে।বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন মডেলের মোটরসাইকেল ‘হোন্ডা এনএক্স২০০’ মেক্সিকোতে রপ্তানির ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের আবদুল মোনেম ইকোনমিক জোনে অবস্থিত হোন্ডা মোটরসাইকেল কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) মো. শাকিরুল ইসলাম খান, মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া ও প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান উপস্থিত ছিলেন।বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ডিউটি এক্সেম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস (ডিইডিও), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), শুল্ক কর্তৃপক্ষ, ব্যাংকিং অংশীদার, সরবরাহকারী, ডিলার এবং আন্তর্জাতিক বাজারে উচ্চমানের মোটরসাইকেলের নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে সহায়তা প্রদানকারী সব অংশীজনের প্রতি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
Leave a Reply