দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হাসিবা চৌধুরী লামহা। স্বপ্ন তার বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক সংকট।
লামহার বাবা উপজেলার পালামগঞ্জ বাজারে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ বহন করা তার জন্য দিন দিন কষ্টসাধ্য হয়ে উঠছে।
এ অবস্থায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেধাবী শিক্ষার্থী হাসিবা চৌধুরী লামহার পাশে দাঁড়িয়েছে দোহার উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
লামহা পড়াশোনায় অত্যন্ত মেধাবী। আগামী এসএসসি পরীক্ষায় দোহার উপজেলায় সর্বোচ্চ নম্বর পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে সে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আরও বড় লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিতে উৎসাহিত করা হয়। তাকে বলা হয়, শুধু দোহার নয়, ঢাকা জেলার মধ্যে যেন সর্বোচ্চ নম্বর অর্জনের লক্ষ্যে সে প্রস্তুতি নেয়।
লামহার স্বপ্ন, পড়াশোনা শেষ করে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। আর্থিক সংকট যেন তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একজন নৈশপ্রহরী বাবার ঘরে বেড়ে ওঠা মেধাবী লামহার চোখে বড় স্বপ্ন। প্রয়োজন শুধু সেই স্বপ্ন পূরণের পথে একটু সহযোগিতা ও সাহস জোগানো। লামহা তার মেধা ও পরিশ্রম দিয়ে একদিন নিজের স্বপ্ন পূরণ করবে, মানুষের সেবা করবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা সবার।
Leave a Reply